কেন্দ্রীয় ব্যাংক
মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা, কর্মকর্তারা বোনাস পাবেন কত?
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম
ফাইল ছবি
২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এ মুনাফা বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা। ২০২৪–২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫–২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের অর্জিত পুরো মুনাফাই সরকারকে দেওয়া হয়। এরই মধ্যে সরকারকে ১০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। বাকি ১৫ হাজার ৯৭৭ কোটি টাকাও শিগগির সরকারের হিসাবে জমা দেওয়া হবে।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পর্ষদের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
কর্মকর্তাদের ছয় গুণ প্রণোদনা বোনাস
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস দেওয়ার সিদ্ধান্তও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী মূল বেতনের ছয় গুণ সমপরিমাণ বোনাস পাবেন। আগের অর্থবছরেও কর্মীদের একই হারে প্রণোদনা বোনাস দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড পাবেন না যে ৮ শ্রেণির মানুষ
যেভাবে মুনাফা বাড়ল
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অর্থনীতিতে মন্দাভাব থাকলেও গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম সক্রিয় ছিল। রাজস্ব আয় কমে যাওয়ায় সরকার বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি ঋণ নিয়েছে। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোও কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি অর্থ ধার করেছে। ফলে ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের সুদ আয় বেড়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করা রয়েছে। এসব বিনিয়োগ থেকেও ভালো আয় হয়েছে। মূলত সুদ আয় ও বৈদেশিক বিনিয়োগ থেকে আয় বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, অর্থনীতি চাঙা থাকলে বাংলাদেশ ব্যাংকের মুনাফা তুলনামূলক কম থাকে। বিপরীতে অর্থনীতিতে মন্দাভাব দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ কার্যক্রম বাড়ে এবং সুদ আয়ও বৃদ্ধি পায়। ফলে মুনাফা বেড়ে যায়। বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেও অনেকটা একই প্রবণতা দেখা যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। পরের অর্থবছরে তা বেড়ে ২২ হাজার ৬২০ কোটি টাকা হয়। আর ২০২৫–২৬ অর্থবছরে নিট মুনাফা আরও বেড়ে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকায় পৌঁছেছে।
