×

জাতীয়

নীতিমালা জারি

ফ্যামিলি কার্ড পাবেন না যে ৮ শ্রেণির মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম

ফ্যামিলি কার্ড পাবেন না যে ৮ শ্রেণির মানুষ

ছবি: সংগৃহীত

‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেই এই নীতিমালা জারি করা হয়েছে।  

নতুন এ নীতিমালায় আট ধরনের ব্যক্তি ও পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধার বাইরে রাখার শর্ত নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয় নীতিমালাটি জারি করে। এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচিকে বড় পরিসরে বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হলো।

নীতিমালায় বলা হয়েছে, সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। এর মূল দর্শন—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এ লক্ষ্যেই অতি দরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

আরও পড়ুন: ১১ আসনের সীমানা নিয়ে ইসির নতুন গেজেট

কর্মসূচির আওতায় দেশের প্রায় ২ কোটি নারী পরিবারপ্রধানকে সরাসরি জিটুপি (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে মাসিক নগদ সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যেসব পরিবার ফ্যামিলি কার্ড পাবে না

নীতিমালায় ফ্যামিলি কার্ডের নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে একটি ‘নেগেটিভ লিস্ট’ বা বহির্ভূত তালিকা রাখা হয়েছে। নির্ধারিত বৈশিষ্ট্যগুলোর যেকোনো একটি থাকলে কোনো ব্যক্তি বা পরিবার এ সুবিধার জন্য যোগ্য হবে না।

>সরকার নির্ধারিত পিএমটি স্কোরের সর্বোচ্চ সীমার বেশি স্কোর পাওয়া পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে না।

>পরিবারের মনোনীত নারী প্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা পেলে তিনি সুবিধা পাবেন না। এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীরাও এ সুবিধার বাইরে থাকবেন।

>মনোনীত নারী প্রধান নিয়মিত সরকারি পেনশন বা অনুরূপ অবসর সুবিধা পেলে ফ্যামিলি কার্ড পাবেন না। তবে প্রতিবন্ধী সন্তান হিসেবে বিশেষ পেনশন সুবিধা গ্রহণকারী এ শর্তের বাইরে থাকবেন।

আরও পড়ুন: সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

>পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে পরিবারটি বাদ পড়বে। একইভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়, ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো বিনিয়োগ থাকলেও সুবিধা মিলবে না।

>পরিবারের কোনো সদস্যের নামে বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এর মধ্যে সিএনজি বা পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার, কার, জিপ, পিকআপ, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও মাইক্রোবাস রয়েছে।

>পরিবারের কোনো সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক উদ্দেশ্যে হালনাগাদ লাইসেন্স বা ব্যবসা থাকলে তিনি এ কর্মসূচির সুবিধা পাবেন না।

>পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা হলে এবং তার করযোগ্য আয় থাকলে পরিবারটি ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য হবে না।

>বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ ০.৫০ একর বা তার বেশি হলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। একইভাবে কোনো অকৃষি বা বাণিজ্যিক জমি কিংবা স্পেসের বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলেও পরিবারটি সুবিধার বাইরে থাকবে।

এক পরিবারে এক ‘ওয়ান-আইডি’

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি যোগ্য পরিবারের জন্য একটি স্থায়ী ও অনন্য পরিচিতি নম্বর দেওয়া হবে। ‘ওয়ান-আইডি’ নামে এ নম্বর ভবিষ্যতে সংশ্লিষ্ট পরিবারের কেন্দ্রীয় পরিচিতি হিসেবে ব্যবহৃত হবে।

নীতিমালায় বলা হয়েছে, ওয়ান-আইডি শুধু পরিচিতি নম্বর হিসেবে নয়, রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনায় সমন্বিত ও সুসংহত ডেটা গভর্ন্যান্স কাঠামো হিসেবেও কাজ করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় স্বার্থে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও এ তথ্য ব্যবহারের সুযোগ পাবে।

একই সঙ্গে একাধিক সরকারি সুবিধা নয়

ফ্যামিলি কার্ডধারী নারী পরিবারপ্রধান একই সময়ে অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগের সমজাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে আর্থিক, খাদ্য বা অন্য কোনো সুবিধা নিতে পারবেন না।

কোনো নারী প্রধান আগে থেকেই টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) বা সমজাতীয় কর্মসূচির সুবিধা পেলে কেন্দ্রীয় ডেটাবেজ যাচাইয়ের মাধ্যমে আগের সুবিধা বাতিল বা স্থগিত করা হবে।

একইভাবে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা অন্য কোনো সরকারি নগদ সহায়তা গ্রহণকারী নারী প্রধান ফ্যামিলি কার্ডের সুবিধা নেওয়ার সময় আগের সুবিধা রাখতে পারবেন না।

তবে মনোনীত নারী প্রধান ছাড়া পরিবারের অন্য সদস্যরা প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি সামাজিক নিরাপত্তা সুবিধা গ্রহণ করতে পারবেন।

এনআইডি থেকে ব্যাংক ও ভূমির তথ্য যাচাই

আবেদনকারীর তথ্যের সত্যতা ও সঠিকতা যাচাই করতে বিভিন্ন সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের ডেটাবেজের সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করা হবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিআরটিএ, ভূমি মন্ত্রণালয়, অর্থ বিভাগের আওতাধীন সিঙ্গেল রেজিস্ট্রি এমআইএস এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে এ সংযোগ স্থাপনের কথা বলা হয়েছে।

কারিগরি প্রয়োজন অনুযায়ী সরকার যেকোনো সময় এ তালিকার পরিধি বা এপিআই সংযোগ পুনর্বিন্যাস করতে পারবে।

জালিয়াতি শনাক্তে ব্যবহার হবে এআই

ফ্যামিলি কার্ডের তথ্য ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী, ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রিতে সংরক্ষিত তথ্যে অসঙ্গতি বা জালিয়াতি শনাক্ত ও প্রতিরোধে প্রয়োজনে এআই বা মেশিন লার্নিংভিত্তিক প্রযুক্তি যুক্ত করা যাবে।

এর মাধ্যমে কোনো আবেদনকারীর আয়, সঞ্চয়, জমি, যানবাহন, কর প্রদান বা অন্য সরকারি সুবিধা গ্রহণের তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলে তা শনাক্ত করা সম্ভব হবে।

পরীক্ষামূলক কার্যক্রম থেকে বড় পরিসরে

ফ্যামিলি কার্ড চালু করা বর্তমান বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের পর প্রথমে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করা হয়। পাইলট পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য পৃথক গাইডলাইনও তৈরি করা হয়েছিল।

পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে এবার দেশের বড় পরিসরে কর্মসূচি বাস্তবায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

নতুন নীতিমালায় একদিকে প্রায় ২ কোটি নারী পরিবারপ্রধানকে জিটুপি পদ্ধতিতে নগদ সহায়তার আওতায় আনার লক্ষ্য রাখা হয়েছে। অন্যদিকে প্রকৃত দরিদ্র পরিবার নির্বাচন, একই ব্যক্তির একাধিক সরকারি সুবিধা গ্রহণ বন্ধ, আয়-সম্পদ যাচাই এবং তথ্যের অসঙ্গতি শনাক্তে একটি সমন্বিত ডিজিটাল কাঠামো নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা, কর্মকর্তারা বোনাস পাবেন কত?

কেন্দ্রীয় ব্যাংক মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা, কর্মকর্তারা বোনাস পাবেন কত?

মাধ্যমিক প্রধান শিক্ষকদের মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক প্রধান শিক্ষকদের মাউশির জরুরি নির্দেশনা

৪ পুলিশ সুপারকে বদলি

৪ পুলিশ সুপারকে বদলি

আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত সেমিনার বন্ধ করল দিল্লির পুলিশ

আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত সেমিনার বন্ধ করল দিল্লির পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App