জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
জনতা ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ বিষয়ে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পাঠানো পৃথক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা চিঠিতে বলা হয়েছে, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ বা সম্মতি জানানো হয়েছে।
আরও পড়ুন: কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, কোনো ভুল করিনি: ইশরাক
চিঠিতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন এবং সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের বিধান অনুযায়ী দুই ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে হবে।
এ জন্য ব্যাংক দুটির পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
