উত্তাল সাগরে উল্টে গেল ট্রলার, প্রাণে বাঁচল ১৬ জেলে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে তলা ফেটে বরগুনার ‘রাইসা মনি’ নামের একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ১৬ জেলে পাশের একটি নৌযানে উঠতে পারায় সবাই প্রাণে রক্ষা পেয়েছেন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর নামক এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
আরো পড়ুন: কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলো বাউফলের জাকারিয়া
খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা থেকে গত এক সপ্তাহ আগে ১৬ জন জেলে রাইসা মনি নামে ওই ট্রলারটি নিয়ে সাগরে মাছ শিকার করতে যান। আবহাওয়া খারাপ থাকায় ট্রলার নিয়ে জেলেরা উপকূলে ফিরতে শুরু করেন। পরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সংলগ্ন সাগর এলাকায় পৌঁছালে ঢেউয়ের তোড়ে ট্রলারের পিছনের অংশের তলা ফেটে গিয়ে ট্রলারটি ডুবতে শুরু করে। এ সময় পাশে থাকা আরেকটি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ওই ট্রলারে থাকা ১৬ জেলেকেই জীবিত উদ্ধার করেন। ফলে ট্রলার ডুবির ঘটনা ঘটলেও কোনো জেলে নিখোঁজ অথবা প্রাণহানির ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘ডুবে যাওয়া ট্রলারটির সকল জেলেরাই নিরাপদে আছেন। ডুবে যাওয়া ট্রলারটিকে শনাক্তের পর উপকূলে টেনে নিয়ে আসা হচ্ছে।’
