×

বরিশাল

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

Icon

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

ছবি: ভোরের কাগজ

ভোলার চরফ্যাশন উপজেলার প্রায় ৭ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে এই বিপুল জনগোষ্ঠীর বিপরীতে হাসপাতালে সেবা প্রদান করছেন মাত্র ১৭ জন চিকিৎসক।

চিকিৎসক ও জনবলসংকটের পাশাপাশি আধুনিক ল্যাব সুবিধা না থাকায় সেবা পাচ্ছে না এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা। এক্স-রে মেশিন থাকা সত্ত্বেও রেডিওগ্রাফার না থাকায় এবং সিবিসি পরীক্ষার যন্ত্র অচল/অনুপস্থিত থাকায় রোগীদের ভিড় বাড়ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অবকাঠামোগতভাবে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন না থাকায় এখনো পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি। চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল সংকট থাকায় বিপুলসংখ্যক রোগীকে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন: সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

হাসপাতালের তথ্য অনুযায়ী, ৬৬টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২১ জন। ১০ জন কনসালট্যান্টের মধ্যে আছেন ২ জন এবং ৫২ জন মেডিকেল অফিসারের বিপরীতে কর্মরত ১৭ জন। ৩০টি নার্স পদের মধ্যে ২৮ জন কর্মরত থাকলেও ১৬টি সেকমো পদের বিপরীতে রয়েছেন মাত্র ২ জন। এছাড়া ৫ জন পরিচ্ছন্নতাকর্মীর বিপরীতে ২ জন, ৩ জন ল্যাব অ্যাসিস্ট্যান্টের বিপরীতে ২ জন কর্মরত রয়েছেন। তিনটি ফার্মাসিস্ট পদ থাকলেও বর্তমানে কোনো ফার্মাসিস্ট নেই।

বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটও প্রকট। শিশু, গাইনি ও হৃদরোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে। এতে বিশেষ করে নারী ও শিশু রোগীদের ভোগান্তি বাড়ছে। হৃদরোগে আক্রান্ত রোগীরাও নিয়মিত বিশেষজ্ঞ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

চিকিৎসা সরঞ্জামের সংকটও রয়েছে। হাসপাতালে এক্স-রে মেশিন থাকলেও তা পরিচালনার জন্য প্রয়োজনীয় রেডিওগ্রাফার না থাকায় রোগীদের অনেক সময় বাইরে গিয়ে এক্স-রে করাতে হচ্ছে। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে। জরুরি রোগীদের ক্ষেত্রে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব না হওয়ায় চিকিৎসা ব্যবস্থাপনাতেও জটিলতা তৈরি হচ্ছে।

হাসপাতালে আধুনিক ও পূর্ণাঙ্গ ল্যাব সুবিধারও ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এমনকি সিবিসির মতো নিয়মিত ও গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষার জন্যও প্রয়োজনীয় মেশিন নেই। ফলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে।

রোগী ও তাদের স্বজনরা জানান, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকায় বাধ্য হয়ে বাইরে পরীক্ষা করাতে হয়। চরফ্যাশন উপজেলা বড় হওয়ায় এখানকার বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ফলে চিকিৎসক ও পরীক্ষা-নিরীক্ষার সংকটের কারণে রোগীদের দুর্ভোগ আরও বাড়ছে।

আরো পড়ুন: ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

হৃদরোগে আক্রান্ত মো. রতন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। হঠাৎ অসুস্থ হলে এই হাসপাতালে আসতে হয়। কিন্তু নিয়মিত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সপ্তাহে শুক্রবার যে ডাক্তার আসেন, তার ওপরই নির্ভর করতে হয়। জরুরি সময়ে এভাবে চিকিৎসা পাওয়া খুবই কঠিন।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী আইয়ুব বলেন, ‘আমাদের এই হাসপাতালে বিশেষ করে একজন শিশু বিশেষজ্ঞ ও একজন গাইনি চিকিৎসক অত্যন্ত প্রয়োজন। চরফ্যাশন একটি বড় উপজেলা। পাশের উপজেলার লোকজনও এখানে চিকিৎসা নিতে আসেন। অথচ এক্স-রে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের বাইরে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে করতে হয়। এতে আমাদের বাড়তি টাকা খরচ হয়।’

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকসুদুর রহমান বলেন, ‘হাসপাতালে এক্স-রে মেশিন রয়েছে, কিন্তু রেডিওগ্রাফার না থাকায় পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আধুনিক ল্যাব ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে। সিবিসি করার মেশিনও নেই। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন বলেন, ‘হাসপাতালের চিকিৎসাসেবা উন্নত করতে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পদে জনবল সংকট রয়েছে। পাশাপাশি এক্স-রে সেবা চালু রাখতে রেডিওগ্রাফার এবং আধুনিক ল্যাব পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে। এসব সংকট সমাধান হলে রোগীদের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি

বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেলের পিতা আর নেই

বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেলের পিতা আর নেই

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

ক্রিকেট র‍্যাঙ্কিং শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App