হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা, গ্রেপ্তার ১
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
ছবি: সংগৃহীত
ঋণ নেওয়াকে কেন্দ্র করে বিতান্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ আউড়া গ্রামে পলাশের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) পুলিশ অভিযুক্ত স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মিরাজুল ইসলাম বাদী হয়ে লিজাকে প্রধান ও অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত খাইরুল ইসলাম পলাশ নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাদের ঘরে জায়ান (৪ বছর) ও রুকাইয়া (২ মাস) নামের দুটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খাইরুল ইসলাম পলাশ পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামে। কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান লিজাকে নিয়ে কাঠালিয়া উপজেলা সদরের দক্ষিণ আউড়ায় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি। সেখানে বাসস্ট্যান্ড এলাকায় একটি ফার্মেসিও চালু করেন পলাশ।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পলাশ ও লিজার মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি পলাশের অজান্তে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে ঋণ গ্রহণ করেন লিজা। এ বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে গুরুতর আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
আরো পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি
পরে স্থানীয়রা আহত পলাশকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল ১১টার দিকে ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, ইসরাত জাহান লিজাকে গ্রেপ্তার করে ঝালকাঠি কোটে প্রেরণ করা হয়েছে। তার সঙ্গে দুটি অবুঝ কন্যা সন্তান রয়েছে। তদন্তকরে দ্রুত আইনানুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
