বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি : সংগৃহীত
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে দলের যৌথসভা শুরুর আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলে জানান রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সেপ্টেম্বরের সুবিধাজনক সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
আরও পড়ুন: আওয়ামী লীগকে ‘মাফিয়া লীগ’ বললেন সোহেল তাজ
অন্য কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হবে। এতে নেতৃত্ব দেবেন দলের আরেক যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রিজভী আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও কয়েকটি কর্মসূচি নেওয়া হবে। এসব কর্মসূচির খসড়া দলীয় চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করা হবে।
নয়াপল্টনে অনুষ্ঠিত যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।
