‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে থানায় গিয়ে এক পুলিশ কর্মকর্তাকে ‘চোর’ আখ্যা দিয়ে মব সৃষ্টি করার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, নির্বাচনে মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছেন এবং রাজনৈতিক সুবিধা অনুযায়ী আওয়ামী লীগকে ব্যবহার করার চেষ্টা করছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
রুমিন ফারহানার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে এই সংসদ সদস্য জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ার পর থেকে বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলছেন এবং মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন তিনি। রুমিন ফারহানা অনেকটা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, গতকাল একজন ওসিকে ‘আওয়ামী লীগের চোর’ বলেছেন রুমিন ফারহানা। অথচ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগ যাঁর বিরুদ্ধে তোলা হচ্ছে, সেই ব্যক্তিকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আক্রমণ করার বিষয়টি তাঁর রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
রাশেদ খাঁনের ভাষ্য, প্রয়োজন অনুযায়ী আওয়ামী লীগকে ব্যবহার করা এবং প্রয়োজন শেষ হলে সেই দলকে ট্যাগ দিয়ে থানায় গিয়ে মব সৃষ্টি করা—এ ধরনের রাজনীতি গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থানকে ‘মৌসুমি রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, যখন যে পক্ষের পক্ষে জনমত তৈরি হয়, তিনি সেদিকে যাওয়ার চেষ্টা করেন। বিএনপি তাঁকে বহিষ্কার করার পর দল তাঁকে আর ফিরিয়ে নেবে না—এমন ধারণা থেকে তিনি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বলেও দাবি করেন রাশেদ খাঁন।
তিনি আরও বলেন, কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে রুমিন ফারহানা ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে মন্তব্য করেছিলেন। এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে কটাক্ষ করে রাশেদ খাঁন বলেন, ‘এই মুহূর্তে রুমিন ফারহানা আপা বাংলাদেশ আওয়ামী লীগ শাখা সভাপতি।’
এর আগে শুক্রবার ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
