শাহরুখকে 'শতাব্দীর শেষ সুপারস্টার' মানতে নারাজ অনু কাপুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম
ছবি : সংগৃহীত
বলিউডে শাহরুখ খানকে ঘিরে ‘শেষ সুপারস্টার’ বিতর্ক নতুন নয়। অতীতে এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেকে ‘শেষ তারকা’ বা ‘শেষ সুপারস্টার’ বলে উল্লেখ করেছিলেন। সেই মন্তব্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা অনু কাপুর।
অনু কাপুরের মতে, কোনো অভিনেতাকেই চলচ্চিত্র শিল্পের ‘শেষ তারকা’ বলা যায় না। তিনি মনে করেন, সময়ের সঙ্গে সঙ্গে সিনেমা বদলায়, দর্শকের রুচি বদলায়, আর নতুন নতুন তারকার আবির্ভাব ঘটে। তাই একজন তারকার জনপ্রিয়তা যত বড়ই হোক না কেন, তাঁকে ইন্ডাস্ট্রির শেষ তারকা হিসেবে চিহ্নিত করা ঠিক নয়।
উল্লেখ্য, অনু কাপুর ও শাহরুখ খান একসঙ্গে ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ডর ছবিতে অভিনয় করেছিলেন। সেই পুরোনো সহকর্মীকেই এবার সরাসরি নাম না করে মন্তব্য করেন অনু কাপুর।
আরো পড়ুন : স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মাঝে রহস্যময় পোস্ট সালমানের
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত কয়েক দশকে খুব কম সংখ্যক শিল্পী দীর্ঘ সময় ধরে সমানভাবে প্রাসঙ্গিক থাকতে পেরেছেন। উদাহরণ হিসেবে তিনি অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের নাম উল্লেখ করেন।
এরপর শাহরুখ প্রসঙ্গে তিনি বলেন, ওই অভিনেতার ক্যারিয়ার শুরু হয়েছে ১৯৯২ সালে। অর্থাৎ এখন পর্যন্ত তিনি প্রায় ৩৪ বছর ইন্ডাস্ট্রিতে আছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি ২০৪৫ সালেও একইভাবে প্রাসঙ্গিক থাকবেন, যেমন অমিতাভ বচ্চন দীর্ঘ সময় ধরে থেকেছেন? অনু কাপুরের ভাষায়, “তিনি কি ২০৪৫ সালেও সমানভাবে প্রাসঙ্গিক থাকবেন? আমার মনে হয় না।”
তবে শাহরুখ খানের জনপ্রিয়তা বা সাফল্য অস্বীকার করেননি অনু কাপুর। তিনি স্বীকার করেন, শাহরুখের বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছে এবং তিনি বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল একজন অভিনেতা। তাঁর ব্যক্তিত্ব, ক্যারিশমা ও অভিনয়ও উপেক্ষা করার মতো নয়। তবুও অনু কাপুরের মত, “তারকা আসে, তারকা যায়। কেউ কখনও ইন্ডাস্ট্রির শেষ তারকা হতে পারেন না।”
শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে বহুল আলোচিত ‘কিং’ সিনেমায়। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। এছাড়া দীপিকা পাড়ুকোন, যিশু সেনগুপ্তসহ আরো বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা এতে যুক্ত রয়েছেন।
