সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। ছবি : সংগৃহীত
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সংক্রমণের কারণে প্রবল জ্বরে ভুগছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকায় নির্ধারিত আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে পারেননি এই অভিনেত্রী।
শাবানার সহযোগী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তার শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট। এইচ১এন১ (সোয়াইন ফ্লু) শনাক্ত হওয়ায় চিকিৎসক তাকে পাঁচ দিনের জন্য আইসোলেশনে থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত বিক্ষোভে শাবানা আজমির যোগ দেওয়ার কথা ছিল। তবে অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন শাবানা। তিনি জানান, শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তার সমর্থন অব্যাহত রয়েছে।
আরো পড়ুন : সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?
গত কয়েক সপ্তাহ ধরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনে নিয়মিত অংশ নিচ্ছিলেন শাবানা আজমি। আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনের বিভিন্ন তথ্য ও আপডেট শেয়ার করছিলেন তিনি।
এর আগে ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচিতেও অংশ নেন শাবানা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আন্দোলনের সময় কাঁদানে গ্যাসের প্রভাবে তার হাঁপানির সমস্যা বেড়ে গিয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে আবারও আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তিনি।
