যে কারণে সাইবার পুলিশের দ্বারস্থ রাশমিকা-বিজয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম
ফাইল ছবি
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজেদের প্রেম ও বিয়ের গল্প শোনানোর পর থেকেই ট্রোলিংয়ের শিকার হচ্ছেন এই তারকা দম্পতি।
বিজয়কে নিয়ে কটাক্ষের পাশাপাশি ছড়ানো হচ্ছে নানা বিভ্রান্তিকর তথ্য। এমন পরিস্থিতিতে অনলাইনে হয়রানি ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগে সাইবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে তাদের টিম।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ অক্টোবর হায়দরাবাদের সাইবার অপরাধ পুলিশের কাছে অভিযোগ জমা দেন দুই তারকার প্রতিনিধি। অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর বক্তব্য, বিকৃত স্ক্রিনশট, ভুয়া তথ্য, পরিচয় নকল করে প্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট পোস্টের লিংক ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। তবে অভিযোগ জমা পড়লেও এ ঘটনায় এখনো মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে সাইবারাবাদ পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযোগটি পরীক্ষা করা হচ্ছে।
বিতর্কের সূত্রপাত করণ জোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে রাশমিকা ও বিজয়ের উপস্থিতিকে কেন্দ্র করে। গত ২১ অক্টোবর প্রচারিত ওই পর্বে নিজেদের সম্পর্ক ও বিয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তারা।
অনুষ্ঠানে রাশমিকা জানান, বিজয়কে বিয়ের বিষয়ে প্রথমে তিনিই কথা বলেছিলেন। এমনকি প্রায় এক বছর ধরে বারবার বিয়ের প্রস্তাব দেওয়ার প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। অন্যদিকে, বিজয় জানান, সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সময় নিতে চেয়েছিলেন।
তাদের কথোপকথনের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা। নেটিজেনদের একাংশ বিজয়ের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ তাকে ‘রেড ফ্ল্যাগ হাজব্যান্ড’ বলেও কটাক্ষ করেন। পাশাপাশি দুজনের সম্পর্ক নিয়ে তৈরি হয় নানা মিম ও ব্যঙ্গাত্মক পোস্ট।
দুই তারকার টিমের দাবি, বিষয়টি কেবল ব্যক্তিগত মতামত বা সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট ও কনটেন্ট ছড়ানো হচ্ছে, যেখানে বক্তব্যের অর্থ বদলে দেওয়া হয়েছে কিংবা বিভ্রান্তিকর তথ্যকে সত্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, কিছু পোস্টে বিকৃত স্ক্রিনশট ও পরিচয় নকল করার ঘটনা রয়েছে। এসব কনটেন্টের মাধ্যমে রাশমিকা ও বিজয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে তাদের টিম। এ ছাড়া সমন্বিতভাবে কিংবা অর্থের বিনিময়ে এমন প্রচার চালানো হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশও তদন্তের চূড়ান্ত ফল প্রকাশ করেনি।
অভিযোগ জমা দেওয়ার পর তারকা দুজনের প্রতিনিধিত্বকারী টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা ও গঠনমূলক সমালোচনাকে তারা সম্মান করে। তবে ব্যক্তিগত মতামত প্রকাশের সঙ্গে মিথ্যা তথ্য তৈরি করে ছড়িয়ে দেওয়া কিংবা বিকৃত বক্তব্যকে সত্য হিসেবে উপস্থাপন করার পার্থক্য রয়েছে।
তাদের বক্তব্য, কাউকে নিয়ে সমালোচনা করা আর পরিকল্পিতভাবে হয়রানি করা এক বিষয় নয়। অভিযোগে চিহ্নিত প্রতিটি ঘটনা আইন অনুযায়ী খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে টিমটি। একই সঙ্গে যাচাই না করা তথ্যকে সত্য হিসেবে প্রচার না করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রাশমিকা ও বিজয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন। তাদের বক্তব্য, ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত বা কথোপকথনের ভিত্তিতে পুরো সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত টানা ঠিক নয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
