ঢাবিতে নারী শিক্ষার্থীদের আয়োজনে ‘স্বাধীনতা উদযাপন ও প্রীতিভোজ’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
ঢাবিতে স্বাধীনতা উদযাপন ও প্রীতিভোজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্তমানে অধ্যয়নরত আবাসিক, অনাবাসিক এবং সাবেক নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্বাধীনতা উদযাপন ও প্রীতিভোজ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয় যা বিকেল পাঁচটা পর্যন্ত চলে।
অনুষ্ঠানের সূচীর মধ্যে ছিলো জাতীয় সঙ্গীত, কবিতা আবৃত্তি, জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ পরিবারের স্মৃতিচারণ, শিক্ষার্থীদের আন্দোলনের স্মৃতিচারণ, মঞ্চনাটক, রম্য বিতর্ক ও প্রীতিভোজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হকের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম, বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম ও সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ ড. সালমা নাসরিন। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটেট শিক্ষকবৃন্দ।
আয়োজকদের একজন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া খানম প্রীতি বলেন, আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক,আবাসিক ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলনে ২৪ এর স্বাধীনতা উদযাপন ও মিলনমেলার আয়োজন করা। ৫ ই আগস্টের পর শুধু ছাত্রীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন প্রথম।
অনুষ্ঠানের বিষয়ে আরেক আয়োজক তাবাসসুম নুপা বলেন, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ, বিপ্লবে নারীদের অবদানকে উপস্থাপন করা। আমরা মঞ্চনাটকে নারীদের অবদান এবং ত্যাগের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি।
