রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রদল আয়োজিত ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানও উপস্থিত ছিলেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির মাঠে ‘অদম্য-১৮’ ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়।
তৎকালীন এক অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রিজেন্ট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে জরুরি আলোচনা এবং বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর ধারা ১১(১২) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে। এর আওতায় সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে একাধিকবার রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তাতে সাড়া দেওয়া হয়নি বলে জানা গেছে।
এর মধ্যেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচির বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। তবে এবারই প্রথম ছাত্রদলের কোনো কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে প্রকাশ্যে অংশ নিতে দেখা গেল।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আসিফুল হক তমাল বলেন, ‘ক্যাম্পাসের প্রত্যেকটা সংগঠন টিকে থাকে মূলত শিক্ষার্থী এবং প্রশাসনের প্রত্যক্ষ মদদে। যে কোনো একটা পক্ষ বিমুখ হলেই সেই সংগঠনের গতি থেমে যায় বলে মনে করি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরে শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় কোনো আয়োজন নেই। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক কিংবা ক্যারিয়ার উন্নয়ন সংগঠনের আয়োজিত প্রোগ্রামগুলোতে প্রশাসনের অনীহা বরাবরই চোখে পড়ার মতো।’
তিনি আরও বলেন, ‘এসব প্রোগ্রামে একাধিকবার আমন্ত্রণ জানিয়েও ভিসি, প্রো-ভিসি কিংবা ট্রেজারার স্যারের দেখা তো দূর, শুভেচ্ছা বার্তাও পাওয়া যায় না যদি না সেই প্রোগ্রামের একটা বড় বাজেট থাকে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘প্রশাসন রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে, আবার তারাই রাজনৈতিক কর্মসূচিতে উদ্বোধন করছেন। এর চেয়ে হাস্যরসাত্মক আর কোনো কিছু হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য ন্যূনতম লজ্জা থাকলে তারা এরকম দ্বিমুখী আচরণ করত না।’
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা ক্যাম্পাসে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি।
‘অদম্য-১৮’ ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি শেখ মুজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে. এম. তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. অলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক এবং প্রচার সম্পাদক মো. রুমেল হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
