×

ক্যাম্পাস

ঢাবিতে ৭ শিক্ষার্থী আহতের ঘটনায় প্রক্টর অফিস ঘেরাও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

ঢাবিতে ৭ শিক্ষার্থী আহতের ঘটনায় প্রক্টর অফিস ঘেরাও

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িচাপায় সাত শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় মামলা দায়েরসহ পাঁচ দফা দাবিতে প্রক্টর অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় প্রক্টরের অনুপস্থিতি এবং একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়েরের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। এ কারণে তাঁরা পুনরায় প্রক্টর অফিসে গিয়ে অবস্থান নেন।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হন। গাড়িটির চালক হিসেবে অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষার্থী বলে উল্লেখ করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহিদুল ইসলামের ছেলে।

প্রক্টরের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

আহত শিক্ষার্থীদের সহপাঠী জোনায়েদ অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্তের বিষয়ে প্রক্টর নমনীয় অবস্থান নিয়েছেন। তাঁর দাবি, শুরুতে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে না জানায় প্রক্টর ছয় মাসের বহিষ্কারের কথা বলেছিলেন। পরে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী জানতে পেরে তিনি তদন্ত কমিটির মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

জোনায়েদের অভিযোগ, শিক্ষার্থীরা ঘটনার সিসিটিভি ফুটেজ চাইলে প্রশাসনিক নীতিমালার কথা বলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রক্টর অফিসে অবস্থানের পর অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী শিক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে তাঁরা প্রশাসনের সঙ্গে থানায় যান। তবে সেখানে শিক্ষার্থীদের বাইরে রেখে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হলেও শেষ পর্যন্ত মামলা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

জোনায়েদ বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতেই বুধবারের কর্মসূচি দেওয়া হয়েছে। প্রক্টরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালন করতে না পারলে প্রক্টরের পদত্যাগ করা উচিত। শিক্ষার্থীরা কোনো সমঝোতা চান না, তাঁরা সঠিক বিচার চান বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

১. আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।

২. ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও প্রকাশ করতে হবে।

৩. সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

৪. মামলা দায়ের ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

৫. ক্যাম্পাসে নিরাপদ যানবাহন চলাচলে কার্যকর নীতিমালা প্রণয়ন, নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস প্রশাসনের

এ বিষয়ে প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং চিকিৎসার খরচসহ তাঁদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে দায়ী ব্যক্তির বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

প্রক্টরের অনুপস্থিতির বিষয়ে ওই সহকারী প্রক্টর বলেন, অসুস্থতার কারণে তিনি অফিসে আসতে পারেননি। তবে বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, দুর্ঘটনায় আহত সাত শিক্ষার্থী হলেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম তাহা, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুল মুনতাহা। এ ছাড়া ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম তাহিয়াও আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ

কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App