অধিক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৮ ওয়ার্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৪৯ এএম
ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে, এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য জানা গেছে জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়ানো জরুরি।
শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশনের সমান দায়িত্ব রয়েছে। জনগণ ৫০ শতাংশ এবং সিটি করপোরেশন ৫০ শতাংশ দায়িত্ব পালন করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।
আরো পড়ুন : ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিনদিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যেসব প্রতিষ্ঠান বা স্থানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এবারের ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক জটিল হতে পারে। চিকিৎসকদের আশঙ্কা, এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে, যেখানে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি থাকবে। সবাইকে আগে থেকেই সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
