ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু, ‘প্যারা পনিরসহ’ গ্রেপ্তার ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম
প্রতীকী ছবি
ঢাকার সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে বগুড়ার শিক্ষকের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র্যাব। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব-২।
র্যাব-২ জানায়, প্রধান আসামি পনি ওরফে প্যারা পনিরকে তার আরেক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত বাইকটিও উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিকালে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে ওই বার্তায়।
শনিবার সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাসীন্দা রনজিলা পারভীন, তিনি চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন।
আরও পড়ুন: গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা শনিবার ভোরে স্বামীর সঙ্গে ঢাকার গাবতলী বাস টার্মিনালে পৌঁছান।
সেখান থেকে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তারা। পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ৫৭ বছর বয়সি রনজিলা উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া শহরের রহমান নগর এলাকার জেলা খাদ্য কর্মকর্তার অফিসের পাশে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন। রনজিলার স্বামী আব্দুল মতিন ব্যবসা করেন। তাদের একমাত্র মেয়ে রাইশা নবম শ্রেণির শিক্ষার্থী।
ডিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ছয় মাসে রাজধানীতে ১৭২টি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৮টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ওয়ারী থানা এলাকায়। আর ৩৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায়।
