গাড়ির ধাক্কায় প্রান গেল ৩ মোটরসাইকেল আরোহীর
নুরুল ইসলাম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৫৬ এএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর দেখে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর।
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের চয়ন মোল্লা (২৩), তার বন্ধু নয়ন (২৩) ও সজীব শেখ (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর নগরকান্দা থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে রাতে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
আরো পড়ুন: দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, অতঃপর
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক চয়ন নিহত হন। গুরুতর আহত হন তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে দুজনের অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আরেকজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
