এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মরদেহ, মুখে স্কচটেপ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: সংগৃহীত
মুখে স্কচটেপ লাগানো অবস্থায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে মো. ইসমাইল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের ওপর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তাঁর নাম জানা গেলেও পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, তিনি খুন হয়েছেন।
নিহতের পরনে ছিল নীল রঙের শার্ট ও লুঙ্গি। শার্টটি অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো। কীভাবে মরদেহটি এক্সপ্রেসওয়ের ওপর গেল, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, অন্য কোথাও হত্যার পর লাশটি এখানে ফেলে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। সকালের দিকে কোনো গাড়ি থেকে লাশটি ফেলা হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে সেই গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কা, আহত সেই নারীর মৃত্যু
বনানী থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। পরে নিহতের আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে নিহতের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
পুলিশ বলছে, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহ পড়ে থাকার খবর পায়। তবে ঠিক কখন সেটি ফেলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। যে জায়গায় মরদেহটি পাওয়া গেছে, সেটি সিসি ক্যামেরার আওতার বাইরে বলে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে জানা গেছে। সিসি ক্যামেরায় ধরা পড়া এড়াতেই জড়িতরা ওই স্থানটি বেছে নিয়ে থাকতে পারে।
