রেস্টুরেন্টে শিশুকে রেখে চলে গেল বিদেশি পরিবার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
কুমিল্লার একটি রেস্টুরেন্টে নাশতা শেষে ভুলবশত প্রায় দুই বছর বয়সী এক কন্যাশিশুকে রেখে চলে গেছে একটি বিদেশি পরিবার। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ জুন) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, শিশুটি নিজের নাম-পরিচয় বলতে পারছে না। বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর দক্ষিণ থানাকে জানানো হয়েছে। বর্তমানে শিশুটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ১৫ সদস্যের একটি বিদেশি পরিবার দুটি গাড়িতে করে রেস্টুরেন্টে আসে। তারা নাশতা শেষে গল্প-আড্ডার মধ্যে তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় ভুলক্রমে শিশুটিকে রেস্টুরেন্টেই রেখে যায়।
আরো পড়ুন : তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে যুবক আহত
রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজেও পুরো ঘটনাটি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, পরিবারের সদস্যরা চলে যাওয়ার পর শিশুটি রেস্টুরেন্টের ভেতরেই রয়ে যায়।
লুৎফুর রহমান রিপন বলেন, আমরা বিষয়টি সদর দক্ষিণ থানাকে জানিয়েছি। শিশুটি এখন আমাদের কাছেই রয়েছে। তার পরিবারকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি। শিশুটির বয়স আনুমানিক দুই বছর। সে কোনো কথা বলতে পারে না এবং নিজের নামও জানাতে পারছে না।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তার পরিবারকে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে।
