টানা ৯ দিন পর খুলে দেওয়া হলো বান্দরবনের পর্যটনকেন্দ্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের প্রভাবে বান্দরবনের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ছিলো। টানা ৯ দিন পর আজ বৃহস্পতিবার(১৬ জুলাই) থেকে খুলছে বান্দরবনের সকল পর্যটনকেন্দ্রগুলো। তবে জেলার রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্র আরো ৪ দিন বন্ধ থাকবে। মঙ্গলবার (২১ জুলাই) থেকে বান্দরবনের দেবতাখুমে পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন।
আবহাওয়ার এমন পরিস্থিতে জেলা প্রশাসন সম্ভাব্য ঝুঁকি এড়াতে মঙ্গলবার (৭ জুলাই) থেকে বুধবার (১৫ জুলাই) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল। অর্থাৎ বৈরী আবহাওয়ায় ৯ দিন বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ ছিল।
আরো পড়ুন: সাময়িক বন্ধ ঘোষণা বান্দরবানের ‘দেবতাখুম’
জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার এস এম হাসান শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও ভ্রমণে গিয়ে থানচি উপজেলার নাফাখুম, রেমাক্রী, থুইসাপাড়ার দুর্গম এলাকায় ১৬৭ জন; রুমায় কেওক্রাডং, বগালেকে ৩৭ জনসহ মোট ২০৪ জন পর্যটক বন্যায় আটকে পড়েছিলেন। পরে তাঁদের সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা উদ্ধার করেছেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল-ফয়সাল ও জেলা পর্যটন সেলের সহকারী কমিশনার এস এম হাসান শাহরিয়ার জানান, তিন দিন ধরে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। জেলায় বন্যার পানিও কমেছে। পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করে যানবাহন চলাচল করছে। সার্বিকভাবে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে উঠেছে। এ কারণে গতকাল পর্যন্ত থাকা পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা আর বাড়ানো হয়নি। পর্যটকেরা আগের নিয়মে প্রশাসনকে জানিয়ে ও নিবন্ধিত ট্যুর গাইড নিয়ে ভ্রমণ করতে পারবেন।
আরো পড়ুন: সাগরে বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম গতকাল এক বিজ্ঞপ্তিতে জানান, ‘ভারী বর্ষণের বন্যা ও পাহাড়ধসের কারণে রোয়াংছড়ির দেবতাখুম পর্যটনকেন্দ্রের বিভিন্ন কাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার পর্যন্ত এখানে ভ্রমণ বন্ধ থাকবে।’
