বাবার কাছে নয় মাসের শিশু, দুই মাস ধরে কারাগারে তিন সন্তানের মা
বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম
ছবি: সংগৃহীত
একটি মামলায় গ্রেপ্তার হয়ে দুই মাস ধরে কারাগারে রয়েছেন সাবিনা (২৮) নামের তিন সন্তানের মা। তার ছোট্ট শিশুটির বয়স নয় মাস। কারাগারে থাকায় মায়ের স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে অবুঝ শিশুরা। কবে আসবে মা সেই অপেক্ষায় দিন কাটছে তাদের। নয় মাসের শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছেন তার বাবা।
সাবিনার স্বামী সফিক মিয়া ভাঙারি কুড়িয়ে বিক্রি করে সংসার চালান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর বাইপাস রেলগেইট এলাকায় খাদেম বাড়িতে একটি টিনের চালা ঘরে থাকে এই পরিবারটি। স্ত্রী জেলে থাকায় সন্তানদের খাওয়ানো, গোসল করানো ও দেখাশোনার দায়িত্ব এখন তার কাঁধে। পাশাপাশি স্ত্রীর জামিনের জন্য আদালতের বারান্দায় ঘুরছেন তিনি।
জানা যায়, গত ১৭ জুন একটি বাচ্চাসহ সাবিনাকে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে বাচ্চাসহ তাকে পুলিশে দেয়। খবর পেয়ে বাচ্চার অভিভাবক থানায় এসে বাচ্চাটি নিয়ে যায় এবং সাবিনার নামে বাচ্চা চুরির মামলা দেয়। এরপর থেকেই সে কারাগারে রয়েছে।
আরও পড়ুন: দাফনের দুদিন পর লাশ ‘জীবিত’ করার চেষ্টা
সফিক মিয়া বলেন, আমার স্ত্রী মানসিক অসুস্থ। সে বাচ্চা চুরি করেনি। কথার প্যাঁচে পড়ে জেল খাটছে। তিনটি সন্তান নিয়ে আমি খুব কষ্টে আছি। আমি গরিব মানুষ। কীভাবে তাকে জামিন করাব? বাচ্চাগুলো সারাক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করে। সাবিনার বড় ছেলে ইব্রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলে, অনেক দিন মাকে দেখি না। আমার মাকে এনে দাও।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম বলেন, একটি শিশু বাচ্চাসহ সাবিনা আটক হয়। পরে বাচ্চার অভিভাবক চুরির অভিযোগে মামলা দেওয়ায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
