রোহিঙ্গাদের আর্তনাদ: বিশ্বকে ১০ মিনিটের বার্তা রোহিঙ্গাদের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি : সংগৃহীত
রোহিঙ্গাদের আর্তনাদ: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গামিয়ানমারে নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফিরে যাওয়ার দাবিতে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছেন লাখো রোহিঙ্গা। ‘নাইন ইয়ারস গন, থিংক টেন মিনিটস ফর রোহিঙ্গা’ প্রতিপাদ্যে নবম রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে নাগরিক সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) আয়োজিত সমাবেশে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গারা অংশ নেন।
সমাবেশে ২০১৭ সালের সহিংসতায় নিহতদের স্মরণ করা হয়। পাশাপাশি রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত এবং মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ২০১৭ সালের সহিংসতার নয় বছর পার হলেও রোহিঙ্গাদের জীবনে সেই ক্ষত এখনো গভীর। স্বজন হারানোর বেদনা, ঘরবাড়ি হারানোর কষ্ট এবং নিজ দেশে ফিরতে না পারার হতাশা এখনো তাদের তাড়া করে বেড়াচ্ছে।
রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ রফিক বলেন, ‘আমরা বিশ্বের কাছে ১০ মিনিট চাই। নয় বছর পার করেছি। এ দেশ আমাদের নয়, আমরা আমাদের দেশে ফিরতে চাই। এ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি বলেন, রোহিঙ্গারা তাদের নিজ ভূমি আরকানে ফিরে যেতে চান। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের এই আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: রংপুরে চার খুন: পুলিশ ও ময়নাতদন্তের তথ্যে গরমিল
ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য মোহাম্মদ সৈয়দ উল্লাহ বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবিক সহায়তা করেছে, তার জন্য তারা কৃতজ্ঞ। তবে নিজেদের জন্মভূমি মিয়ানমারে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চান তারা।
তিনি বলেন, প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। শুধু সীমান্ত পার করে মিয়ানমারে ফেরত পাঠানোই যথেষ্ট নয়; সেখানে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের নিরাপত্তা, অধিকার, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও জীবিকার নিশ্চয়তা থাকতে হবে।
সমাবেশে বার্মিজ ভাষায় বক্তব্য দেন ইউসিআর নেতা মাস্টার শোয়েব। তিনি রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, প্রত্যাবাসনের পরিবেশ এমনভাবে তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা ভয় ও অনিশ্চয়তা ছাড়াই নিজেদের দেশে ফিরতে পারেন।
সমাবেশের একপর্যায়ে টানা ১০ মিনিট রোহিঙ্গা ভাষায় বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। ‘শেষ কথা একটাই—ফিরতে চাই আরকান’সহ নানা স্লোগানে তারা নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানান।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও রোহিঙ্গাদের এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করেন।
রোহিঙ্গাদের দাবি, দীর্ঘদিন শরণার্থী হিসেবে ক্যাম্পে বসবাসের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগে মিয়ানমারে তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের পথ তৈরি করা হোক।
