দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছনে ইউনিক পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো একজন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক রয়েছেন।
নিহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন: আবাসিক হোটেলে আগুন, প্রাণে বাঁচল ১৭ জন
ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, ‘চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে একটি লং ভেহিক্যালের সঙ্গে কাভার্ডভ্যানটি বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহণের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।’
তিনি আরও জানান, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহণের বাসচালক নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
