ফেনীতে নিখোঁজ কৃষক আবু তোরাবকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: ভোরের কাগজ
ফেনীর ফরহাদনগর ইউনিয়নের সুলতানপুর এলাকার কৃষক আবু তোরাব বাবুকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে কেএমহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আবু তোরাব বাবু ফরহাদ নগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের মান্তি ভূঁইয়া বাড়ীর শের আলীর ছেলে। গত ২২ আগষ্ট রাতে নিজ বাড়ী থেকে আবু তোরাব বাবু নিখোঁজ হয়। জিডির সুত্র ধরে তদন্ত চলছে বলে জানিয়েছেন বোগদাদিয়া ফাড়ির ইনচার্জ মো. আলী।
মানববন্ধনে ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু বলেন, আবু তোরাব বাবু একজন কৃষক। সে এলাকার সকল মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন। আমার জানা মতে তার কোন শত্রু থাকতে পারে না।

তার মেজো ভাই হারু উর রশিদ বলেন, আমার ভাই এলাকার সকলের সাথে মিলেমিশে চলাফেরা করতেন। আমরা সন্দেহ করছি, 'গোলাম মোস্তফার আখ খেতের বিদ্যুৎ এর তারে জড়িয়ে তার দুর্ঘটনা অথবা গাছ চুরির সময় জড়িতদের সে দেখে ফেলায় চোরেরদল তাকে হত্যা করতে পারে। হয়তো তারা নিজেরা বাঁচতে আমার ভাইকে গুম করে ফেলেছে। হারুন আরও বলেন, আমরা প্রশাসনের কাছে আমার ভাইকে উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে জোর দাবী জানাচ্ছি।
পরিবার ও এলাকাবাসীর উদ্যেগে আয়োজিত মানববন্ধনে শত শত মানুষ অংশ গ্রহন করেন। জানাগেছে, গত আগষ্ট মাসের ২২ তারিখ রাতে নিজ বাড়ী থেকে তাল কুড়াতে গিয়ে সে নিখুোঁজ হয়। এর পর পরিবারের সদস্যরা ফেনী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। নিখোঁজের দীর্ঘ ২১ দিন পার হলেও পুলিশ তার কোন সন্ধান দিতে পারেনি।
বোগদাদিয়া ফাঁড়ির ইনচার্জ মো. আলী বলেন, আমরা আন্তরিকতার সঙ্গে তদন্ত করছি।তথ্য প্রযুক্তির ব্যবহার করেও এখন পর্যন্ত সফল হতে পারিনি। তবে আমাদের তদন্ত অব্যাহত আছে।
