×

করপোরেট সংবাদ

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির (ইয়েস) আয়োজনে সেমিনার। ছবি: সংগৃহীত

বাজেটের অঙ্কে অর্থনীতির পুরো চিত্র উঠে আসে না। বিনিয়োগে অনীহা, ব্যবসায়িক আস্থার সংকট আর দেশ থেকে পুঁজি চলে যাওয়ার মতো বিষয়গুলোও বাধাগ্রস্ত করছে অর্থনীতির গতি। কর্মসংস্থান সৃষ্টি ও ভবিষ্যৎ অর্থনীতির ভিত শক্ত করতে এসব সংকট কাটিয়ে দেশীয় বিনিয়োগ বাড়ানোর তাগিদ উঠে এসেছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক সেমিনারে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়াম ৮০১-এ ‘সরকারি ও করপোরেট খাতে জাতীয় বাজেটের বিধানসমূহের প্রভাব’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামস। সহযোগিতায় ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটি (ইয়েস)।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম. এ. কাশেম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।

আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জাতীয় বাজেটের বিভিন্ন সিদ্ধান্তের বাস্তব প্রভাব। সরকারি ব্যয়, রাজস্ব আহরণ ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমে বাজেটের প্রভাব নিয়েও কথা বলেন বক্তারা। তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় বিনিয়োগ পরিবেশ ও ব্যবসায়িক আস্থার বিষয়টি।

নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির (ইয়েস) আয়োজনে সেমিনার। ছবি: সংগৃহীত

বক্তাদের আলোচনায় উঠে আসে, দেশের অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে হলে প্রথমেই আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পুঁজি দেশের বাইরে চলে যাওয়া, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার দুর্বলতা এবং দেশীয় বিনিয়োগে উৎসাহের অভাব অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়। এসব সমস্যা মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিনিয়োগকারীদের এক জায়গায় এনে আলোচনা ও সহযোগিতার সুযোগ তৈরিতে একটি বিনিয়োগকারী ফোরাম গঠনের প্রস্তাবও উঠে আসে।

তবে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনাটি শুধু বর্তমান সংকটেই সীমাবদ্ধ থাকেনি। উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্যোক্তা তৈরির সঙ্গে জাতীয় অর্থনৈতিক উন্নয়নের সম্পর্কও বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীদের দক্ষতা এবং শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমানোর ওপর জোর দেন আলোচকেরা।

এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর কয়েকটি প্রস্তাব উঠে আসে। শিক্ষার্থীদের শিক্ষানবিশ ও ইন্টার্নশিপ কার্যক্রমে কর-সুবিধা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সহজ অর্থায়ন, শিক্ষার্থী উদ্যোক্তাদের প্রাথমিক পুঁজি এবং নতুন উদ্যোগের বিকাশে সহায়তার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব। সেখানে উঠে আসে বর্তমান সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক প্রশ্ন। শিক্ষাগত যোগ্যতার সঙ্গে চাকরির বাজারের চাহিদার অমিল, কর্মসংস্থানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং মধ্যবিত্ত পরিবারের ক্রমবর্ধমান আর্থিক চাপ নিয়ে বক্তাদের কাছে জানতে চান শিক্ষার্থীরা।

দেশের তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের সুযোগ, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলার প্রস্তুতি এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হয়। পাশাপাশি করব্যবস্থার পরিধি বাড়ানো, রাজস্ব সংস্কার এবং তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এফ জে মোহাইমেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশের সরকারের সাবেক জ্যেষ্ঠ সচিব অধ্যাপক ড. মো. মোখলেস উর রহমান। আলোচনায় আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি অনুষদের ডিন এবং অর্থনৈতিক গবেষণা মঞ্চের পরিচালক ড. এ কে এম আতিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক অধ্যাপক ড. নাজলী সিদ্দিকী। তিনি জাতীয় বাজেটের সিদ্ধান্তের সঙ্গে দেশের বৃহত্তর অর্থনৈতিক বাস্তবতার সম্পর্ক বোঝার ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক এবং এনএসইউ ইয়েসের শিক্ষক উপদেষ্টা মির্জা এম. ফেরদৌস। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও দলীয় আলোকচিত্র গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটি শিক্ষার্থীদের ব্যবসা ও উদ্যোক্তাবিষয়ক একটি সংগঠন। ব্যবসায়িক প্রতিযোগিতা, নেতৃত্বের বিকাশ, শিল্প খাতের সঙ্গে যোগাযোগ এবং পেশাগত দক্ষতা তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।

এই সেমিনারের আলোচনায় একটি বিষয় স্পষ্ট-অর্থনীতির অগ্রগতি কেবল বাজেটের আকার কিংবা রাজস্ব আদায়ের লক্ষ্যে নির্ভর করে না। বিনিয়োগকারীর আস্থা, দক্ষ মানবসম্পদ, গবেষণা এবং নতুন উদ্যোক্তা তৈরির পরিবেশও সমান গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে নীতিনির্ধারক, শিক্ষাঙ্গন ও ব্যবসায়ী সমাজের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার বিকল্প নেই!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

শতাধিক গুম-খুনের মামলা জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

এসপির ‘সবচেয়ে বিশেষ’ গোল, মুগ্ধ নাদাল

এসপির ‘সবচেয়ে বিশেষ’ গোল, মুগ্ধ নাদাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App