ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম
ঝটিকা মিছিলের চিত্র: ছবি: ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে মিছিলটি কেউ সরাসরি দেখেছেন বলে জানা যায়নি। ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ আগস্ট-পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা ও স্বাগতম।’
ভিডিওতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবি সংবলিত একটি ব্যানার দেখা যায়।
আরও পড়ুন: সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে
ভিডিও ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। ভিডিওতে প্রকাশের তারিখ হিসেবে ২০ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, সকালে একটি মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে মিছিলটি সরাসরি কেউ দেখেছেন—এমন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে পুলিশ খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি আরও বলেন, উপজেলার শাকপুরা মিলিটারি পুল এলাকায় মিছিলটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেউ বলছেন, ভোর সাড়ে ৫টার দিকে মিছিলটি হয়েছে, আবার কারও দাবি, সময়টি সকাল ৬টা। তবে মিছিলটি সরাসরি দেখেছেন, এমন কাউকে এখনো পাওয়া যায়নি।
