কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম
কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিন্সেস’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় হোটেলে অবস্থান করা তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসেন। ছবি: সংগৃহীত
কক্সবাজারের পর্যটনকেন্দ্রের হোটেলগুলোতে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিন্সেস’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগলেও দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার সময় হোটেলে অবস্থান করা তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসেন। তবে পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ঢাকা পোস্টকে জানান, আগুন লাগার খবর পাওয়ার পর নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, তাঁদের প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। হোটেলে অবস্থান করা পর্যটকেরাও নিরাপদে রয়েছেন।
এর আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। সেই ঘটনার ছয় দিনের মাথায় কক্সবাজারের আরেকটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় পর্যটনকেন্দ্রের হোটেল ও রিসোর্টগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কক্সবাজারে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থান করেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম, নিরাপদ বৈদ্যুতিক সংযোগ, জেনারেটরের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং জরুরি বহির্গমনপথ সচল রাখা জরুরি।
পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে পর্যটকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য হোটেলকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি থাকাও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ঘটনাগুলো পর্যটনকেন্দ্রের আবাসিক প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরিদর্শন ও কার্যকরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তাকে আরও সামনে এনেছে।
