রাজধানীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:০৩ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী মো. মুন্না ওরফে ‘রেড মুন্না’ (৩৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী। এর আগে, দুপুর আনুমানিক আড়াইটার দিকে পল্লবী থানার সেকশন-১১ বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিয়াজ মেহেদী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানা পুলিশের একটি দল বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মুন্না ওরফে রেড মুন্নাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।’
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মুন্নার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
পুলিশ জানায়, অভিযুক্ত মুন্না দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মুখে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
