ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক সেবনে বাধা দেওয়ায় বিরোধের জেরে মিতুল ইসলাম (১৮) নামের এক গার্মেন্টস কর্মীকে ধারালো কাঁচি ও কাটার দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
গ্রেপ্তারকৃতরা হলেন- ১। মো. রাহিম আহম্মেদ রাফি (১৯) ২। মো. সাগর আহাম্মেদ (২৬) ৩। মো. রাসেল মিয়া (২৯) ৪। মো. আরিফ (১৯) ৫। মো. আশরাফুল (২৩) ৬। ফারদিন (২১) ৭। মো. জুনায়িদ মিয়া (২৬) ৮। মো. মোস্তাকিম (২০) ৯। মো. রোকন মিয়া (৩১) ও ১০। মো. নাজমুল (২৭)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, শনিবার (১৫ আগস্ট ) রাত আনুমানিক আটটার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়। বিরোধের জেরে গ্রেপ্তারকৃতরা ভিকটিম মিতুল ইসলামকে মার্কেটের ১৪ তলায় ডিএম গার্মেন্টসের সামনে নিয়ে যায়। সেখানে তারা ধারালো কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে মিতুলের বুক, পিঠ, বাম উরু ও ডান রানসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
আরো পড়ুন: হেলমেট গুদামে আগুন সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস
পরবর্তীতে মার্কেটে উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় মিতুলকে উদ্ধার করে রিকশায় করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরপরই সূত্রাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের শনাক্ত করে এবং ১০ জনকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো কাপড় কাটার কাঁচিও উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
