বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
দিপু সুলতান রাসেল। ছবি: সংগৃহীত
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত দিপু সুলতান রাসেল (৪২) ঢাকার গেন্ডারিয়া টিএস পোস্ট অফিস এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইমাম উদ্দিন।
রমনা থানার এসআই নাঈম উল ইসলাম জানান, রাসেল নিজেই হাসপাতালের সিঁড়ি দিয়ে ১৬ তলার ছাদে ওঠেন। সেখানে তিনি প্রায় তিনটি সিগারেট পান করেন। এ সময় কয়েকবার নিচের দিকে তাকাতেও দেখা যায় তাকে। পরে ছাদ থেকে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের ভাষ্য, রাসেল মাদকাসক্ত ছিলেন এবং কোনো কাজ করতেন না। তিনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও ছিলেন। মাদকাসক্তির কারণে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তাদের ১১ বছরের একটি সন্তান রয়েছে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে রাসেল আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
