×

ঢাকা

সোনারগাঁও

দুই পক্ষের সংঘর্ষে আহত ১২, লুটপাট-ভাঙচুরের অভিযোগ

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৫০ পিএম

দুই পক্ষের সংঘর্ষে আহত ১২, লুটপাট-ভাঙচুরের অভিযোগ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুরবানপুর এলাকার রাসেল গ্রুপ ও হামিদ গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। রাতের সেই উত্তেজনার জের ধরে শুক্রবার (২৬ জুন) ভোরে সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয়দের অভিযোগ, ভোরে রাসেলের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল পাঁচআনী এলাকায় হামলা চালায়। হামলাকারীরা এনামুল হকের বাড়িতে ভাঙচুর চালিয়ে দুটি গরু, নগদ প্রায় আড়াই লাখ টাকা, তিনটি মোবাইল ফোন, প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও ১৫ ভরি রুপা লুট করে নিয়ে যায়। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে ঘরের টিনের বেড়া কেটে ব্যাপক ভাঙচুর করা হয়।

এ ঘটনায় হামিদ গ্রুপের লোকজন প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।

অভিযোগ রয়েছে, হাবিবুল্লাহ (হাবু) মিয়ার বাড়ি থেকে মসজিদের ১৭ হাজার টাকা, ব্যক্তিগত সাত হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করা হয়। আমান উল্লাহর বাড়িতে ভাঙচুর চালানো হয়। এছাড়া মনি ও দিদারের বাড়ি থেকে দুটি গরু নিয়ে যাওয়ার পাশাপাশি বাড়ির সামনে থাকা খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে হামিদ গ্রুপের সুমন, জেলে দিদার, জেলে মনিরসহ সাতজন আহত হয়েছেন। অপরদিকে রাসেল গ্রুপের সোহাগসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা আরও জানান, এর আগের দিন খাসেরগাঁও এলাকায় সাবেক ইউপি সদস্য মনির হোসেনের ভাতিজার ছেলে সোহাগকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ওই ঘটনার প্রতিশোধ নিতেই শুক্রবার ভোরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঘটনার পরও এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান না হলে যেকোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’, শুনে লজ্জা পেলেন শাহরুখ

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’, শুনে লজ্জা পেলেন শাহরুখ

সরকারি হাসপাতালে জন্ম নিলেই মিলবে সোনার আংটি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই মিলবে সোনার আংটি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App