চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই এলাকায় চারটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই ভাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপর জন মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই ফুপাতো-মামাতো ভাই।
আরো পড়ুন: রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস হঠাৎ বিকল হয়ে পড়ে। বাসটি সড়কের ওপর থেমে গেলে এর পেছনে থাকা একটি প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল গতি কমিয়ে থামার চেষ্টা করে। ঠিক সে সময় পেছন দিক থেকে আসা ‘স্বাধীন পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল, কাভার্ডভ্যান ও প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘খবর পেয়ে কোনো ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।’
