বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ এএম
ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মজনু মিয়া (৫৫) ও দুলাল ঋষি (৪২) নামে দুই জন নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া ফরিদপুরের চোর বল্লবদি এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে বাড়ৈখালী ইউনিয়নের মদনপুরে বাস করতেন। অপর নিহত দুলাল ঋষি বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের মনিপাড়ার সাধন ঋষির ছেলে।
আরো পড়ুন: ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বাড়ৈখালী-শিবরামপুর সড়ক ধরে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে লস্করপুর চকেরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ও সহযোগী মাথায় গুরুতর আঘাত পান এবং বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ‘রাতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’
