×

ঢাকা

সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া, অতঃপর...

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া, অতঃপর...

ছবি : ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইরে সড়ক নির্মাণকাজে নিম্নমানের ঝামা খোয়া ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে নির্মাণকাজে অনিয়মের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে প্রকৌশল অফিসের কার্যসহকারী মো. উজ্জ্বল হোসাইনের মোবাইল ফোন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. হেকমত আলী ছিনিয়ে নেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সিংগাইর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বাদী হয়ে গত ৩০ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে মেসার্স অবনী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হেকমত আলীসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। প্রকৌশল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগও জিডিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট সড়কের নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। উপজেলা এলজিইডি কার্যালয় জানিয়েছে, কাজের ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখার বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কোনোভাবেই কাজ চালিয়ে যেতে দেওয়া হবে না।

আরও পড়ুন: গ্যাস সংকটে বন্ধ ৪০০ পোশাক কারখানা

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সিংগাইর উপজেলার মানিকনগর বাজারে ২৮০ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করে মেসার্স অবনী এন্টারপ্রাইজ। কাজ শুরুর পর সেখানে নিম্নমানের ঝামা খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে। স্থানীয়রা বিষয়টি নিয়ে আপত্তি জানালে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের অবহিত করা হয়।

পরে নির্বাহী প্রকৌশল কার্যালয় থেকে তদারকির দায়িত্বে থাকা পরামর্শক প্রকৌশলী ফরহাদ হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. রবিউল ইসলাম ও কার্যসহকারী মো. উজ্জ্বল হোসাইন ঘটনাস্থলে যান। অভিযোগ করা নির্মাণসামগ্রী দিয়ে ঢালাইয়ের কাজ করতে তারা বাধা দেন।

এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে প্রকৌশল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. হেকমত আলী প্রকৌশল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়।

এ সময় কার্যসহকারী মো. উজ্জ্বল হোসাইন ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে গেলে হেকমত আলী তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিডিআরআইডব্লিওএসপি প্রকল্পের আওতায় সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী জেলা সড়ক (বাস্তা)-নবাবগঞ্জ উপজেলা ভায়া হাতনি বাজার, মানিকনগর জিসি ও শোল্লা সড়কের ৭ হাজার ৬১০ মিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ পেয়েছে মেসার্স অবনী এন্টারপ্রাইজ।

এ কাজের প্রাক্কলিত ব্যয় ১১ কোটি ৩৭ লাখ টাকা। এক বছরের সময়সীমা নির্ধারণ করে চলতি বছরের ২৪ এপ্রিল নির্মাণকাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দা আজিজুল হক টিক্কা বলেন, “নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঢালাইয়ের কাজ করা এবং সরকারি অফিসের স্টাফদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাস্তার কাজে অনিয়মের বিরুদ্ধে প্রকৌশল অফিসের কর্মকর্তারা যে অবস্থান নিয়েছেন, তা প্রশংসনীয়।”

মানিকনগর বাজারের পল্লিচিকিৎসক মো. শহীদুল ইসলাম বলেন, “নিম্নমানের সামগ্রী দিয়ে কোনোভাবেই রাস্তার কাজ করতে দেওয়া হবে না। জনগণের টাকায় নির্মাণাধীন সড়কের কাজ নির্ধারিত মান বজায় রেখেই করতে হবে।”

জামির্ত্তা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ উল্লাহ বলেন, “জনগণের করের টাকায় রাস্তার কাজ হচ্ছে। এ কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”

অভিযোগের বিষয়ে সিংগাইর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, “আমাদের না জানিয়ে নিম্নমানের ঝামা খোয়া এনে কাজ শুরু করার চেষ্টা করা হলে ঢাকা থেকে তদারকির দায়িত্বে আসা বিশেষ টিমের পরামর্শ অনুযায়ী আমরা বাধা দিই। ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার চেষ্টা করায় তাৎক্ষণিকভাবে তাদের চিঠি দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার হেকমত আলী আমাদের ওপর চড়াও হন। একপর্যায়ে আমাদের স্টাফের মোবাইল ফোন ছিনিয়ে নেন। ঘটনার বিস্তারিত উল্লেখ করে থানায় জিডি করেছি।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মেসার্স অবনী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হেকমত আলী। তিনি বলেন, “ভিডিও ধারণ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার মতো কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেনি। পরামর্শক ও প্রকৌশলী মহোদয়ের সঙ্গে নির্মাণসামগ্রী নির্বাচন করেই ঢালাইয়ের অনুমতি নেওয়া হয়েছিল। তাঁরা যে অভিযোগে কাজ বন্ধ রেখেছেন, সেটি ঝামা খোয়া নয়; প্রিকেটের কালো অংশ নিয়ে আপত্তি করা হয়েছে।”

এ ব্যাপারে সিংগাইর উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম সামদানী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান স্তুপ করে রাখা নিম্নমানের ঝামা খোয়া ব্যবহারের পাশাপাশি রাস্তার নিচের অংশেও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করেছে। এসব নিম্নমানের খোয়া পুনরায় উত্তোলন করে ভালো মানের ইটের খোয়া দিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।

উপজেলা প্রকৌশলী আরও বলেন, নির্মাণকাজের মানের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্ধারিত স্পেসিফিকেশন ও প্রকল্পের শর্ত অনুসরণ করেই কাজ শেষ করতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

নবীকে নিয়ে কটূক্তি যুবকের, অতঃপর...

নবীকে নিয়ে কটূক্তি যুবকের, অতঃপর...

রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App