মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল কর্মীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের লোকজন ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত যুবদল কর্মী মোহাম্মদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় তাঁর মা, স্ত্রী ও বোনও পিটিয়ে আহত হয়েছেন। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া জামে মসজিদের বর্তমান সভাপতি পদে যুবদল কর্মী মোহাম্মদ হোসেনের শ্বশুর বিএনপি নেতা মো. আমানউল্লাহ মিয়া রয়েছেন। কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই কমিটির সভাপতি পরিবর্তন করতে চান একই এলাকার জালালউদ্দিনের ছেলে বিএনপি কর্মী মাসুদ মিয়া, তার ভাই রোকন উদ্দিন ও মামুন মিয়া। এ নিয়ে গত শুক্রবার জুমা নামাজ শেষে রোকন উদ্দিনের সঙ্গে দাইয়ানের ছেলে মোহাম্মদ হোসেনের কথা কাটাকাটি হয়। এসময় মোহাম্মদ হোসেন রোকন উদ্দিনকে থাপ্পড় দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় রোকনউদ্দিনের নেতৃত্বে বস্তল এলাকার মাসুদ মিয়া, মামুন মিয়া, শেখ সাদি, আরিফ হোসেন বহিরাগত সন্ত্রাসী আলী হোসেনের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র, রাম দা, হসিস্টিক, লোহার রড নিয়ে মোহাম্মদ হোসেনের বাড়িতে হামলা করে। এসময় তিন রাউন্ড গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে হামলাকারীরা। ঘরে ঢুকে ফ্রিজ, টিভি, আলমারি, আসবাবপত্রসহ তিনটি কক্ষে ব্যাপক ভাঙচুর করা হয়। এসময় মোহাম্মদ হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে তারা। এছাড়াও স্ত্রী তুলি আক্তার, মা নূর বানু ও বোন ইয়াসমিনকে পিটিয়ে আহত করে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরো পড়ুন: অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!
যুবদল কর্মী মোহাম্মদ হোসেনের বোন আহত ইয়াসমিন জানান, সন্ত্রাসীরা তাদের বাড়িতে এসে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। ঘরে ঢুকে তার ভাই মোহাম্মদ হোসেনকে কুপিয়ে পেটের নারী ভূরি বের করে ফেলে। তাদের ওপরও হামলা করে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর ও বাড়িতে থাকা নগদ ৫ লাখ লাখ টাকা ও আনুমানিক ১০ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, হামলা ও গুলি বর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীরা ঘরে ব্যাপক ভাঙচুর করেছেন। এক যুবদল কর্মীকে কুপিয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিমউদ্দীন জানান, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে ভুক্তভোগী পরিবার গুলি বর্ষণের কথা বলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক বলেন, হামলা ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলার সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চলছে।
