ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, সফিপুর এলাকার ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ কারখানার ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিকেল ৪টা ৩৪ মিনিটে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন: একই পরিবারের নিহত ৬ জনের পরিচয় মিলল
পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ ও এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
