সেন্সর জটে থেমে গেলো ‘পিনিক’ মুক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির তালিকায় থাকলেও শেষ পর্যন্ত বড় পর্দায় আসছে না ‘পিনিক’ সিনেমা। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছিলেন আদর আজাদ ও শবনম বুবলী।
ছবিটির মুক্তি ও পরিবেশনার দায়িত্বে থাকা পরিচালক সায়মন তারিক এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি জানান, নির্ধারিত সময়ে সেন্সর ছাড়পত্র না পাওয়ায় বাধ্য হয়েই ঈদের মুক্তির পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে।
তিনি গণমাধ্যমকে আরো জানান, ‘আমরা এই ঈদে ছবিটি মুক্তি দিতে পারছি না। সেন্সর বোর্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। অথচ আমরা ২১ দিন আগেই ছবিটি জমা দিয়েছিলাম।’
আরো পড়ুন: ‘গানে গানে ঈদ আনন্দ’ মাতাবেন আঁখি আলমগীর ও তাসনিম আনিকা
পরিচালক সায়মন তারিক জানান, ছাড়পত্র পেতে বিলম্ব হওয়ায় বিপণন ও হল বুকিংয়ের জন্য প্রয়োজনীয় সময় নষ্ট হয়ে গেছে। ‘১৬ মার্চ হাতে ছাড়পত্র পেয়েছি, অথচ ঈদের আর মাত্র চার দিন বাকি। এত অল্প সময়ে প্রচারণা চালানো সম্ভব নয়,’ বলেও জানান তিনি।
এছাড়া এত কম সময়ে প্রেক্ষাগৃহ চূড়ান্ত করাও সম্ভব হয়নি বলেও জানিয়েছেন এই নির্মাতা। তার অভিযোগ, অন্যান্য ঈদের সিনেমা দ্রুত সেন্সর ছাড়পত্র পেলেও ‘পিনিক’ অযথা আটকে রাখা হয়েছে, যার ফলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
