দেশে স্বর্ণের দামে ফের বড় পতন
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৩১ এএম
ছবি : সংগৃহীত
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (৩১ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। একই দিন সকাল ১০টা থেকে সারা দেশে এ দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি যুক্ত হবে।
এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা কেনাবেচার ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ মূল্য কার্যকর থাকবে।
এর আগে গত শনিবার (২৯ আগস্ট) সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ওই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা।
