সম্মিলিত ইসলামী ব্যাংক
প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহকের টাকা ফেরতের আবেদন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি : সংগৃহীত
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের অর্থ ফেরত নেওয়ার আবেদন গ্রহণ শুরু হয়েছে। কার্যক্রম শুরুর প্রথম দিনেই প্রায় ১৮ হাজার ব্যক্তি আমানতকারী টাকা ফেরতের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের মাধ্যমে গ্রাহকরা মোট ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় আমানতের অর্থ উত্তোলনের আবেদন নেওয়া হয়। আবেদন করতে গিয়ে বিভিন্ন শাখা ও উপশাখায় গ্রাহকদের ভিড় দেখা যায়। এ সময় ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন।
আরও পড়ুন: নতুন পে স্কেলের গেজেট চলতি সপ্তাহেই
ব্যাংক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়ম অনুসরণ করেই আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় সরাসরি গিয়ে আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাই-বাছাইয়ের পর আগামী ৭ সেপ্টেম্বর থেকে যোগ্য গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
একীভূত হয়েছে পাঁচ ইসলামী ব্যাংক
সংকটে পড়া পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। একীভূত ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
মূল টাকা তোলার সুযোগ, মুনাফা নয়
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের জমা অর্থ এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে বর্তমান পর্যায়ে আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা উত্তোলনের অনুমতি দেওয়া হচ্ছে না।
কোনো আমানতকারী তার মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে হস্তান্তরকারী ব্যাংকের কাছে ওই গ্রাহকের কোনো ঋণ বা আর্থিক দায় থাকলে আমানত ফেরতের আগে পাওনা অর্থ থেকে তা সমন্বয় করা হবে।
তবে কোনো গ্রাহক এখনই আমানত উত্তোলন না করে হিসাব চালু রাখলে চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া মেয়াদি আমানত নির্ধারিত সময়ের আগে ভাঙানো হলে গ্রাহক মূল টাকা ফেরত পেলেও ওই অর্থের ওপর মুনাফা পাবেন না। তবে কোনো আমানতকারী আংশিক অর্থ উত্তোলন করলে অবশিষ্ট আমানতের ওপর প্রচলিত নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।
