নতুন পে স্কেলের গেজেট চলতি সপ্তাহেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
ছবি : সংগৃহীত
প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার। এখন নতুন বেতন কাঠামো বাস্তবায়নে গেজেট জারির অপেক্ষা। চলতি সপ্তাহের মধ্যেই নতুন বেতন কাঠামোসংক্রান্ত গেজেট জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে বলেন, ‘ইনশা-আল্লাহ, এ সপ্তাহের মধ্যেই গেজেট হয়ে যাবে। গেজেট একটি নয়, বেশ কয়েকটি হবে।’
এর আগে সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন জাতীয় বেতনস্কেল অনুমোদন করা হয়। একই সঙ্গে নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন কাঠামো এবং সংশ্লিষ্ট নির্দেশাবলী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পেল দুদক
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ তৈরির লক্ষ্যে একটি সচিব কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির দাখিল করা প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
পর্যালোচনা শেষে নতুন জাতীয় বেতনস্কেল অনুমোদন দেওয়া হয়। এ সময় সরকারের আর্থিক সক্ষমতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামো নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন নতুন করে নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন
নতুন কাঠামোয় ২০তম গ্রেডে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডে সর্বোচ্চ নির্ধারিত বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
নতুন বেতন কাঠামোয় বেতন বৈষম্য কমানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত কমানো হয়েছে। বিদ্যমান ১:১.৯৪৫ অনুপাতের পরিবর্তে নতুন বেতনস্কেলে এ অনুপাত দাঁড়িয়েছে ১:১.৭৮।
এর ফলে নতুন পে স্কেলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ বাড়বে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন বাড়বে ১০০ শতাংশ।
