শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবরোধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:২০ পিএম
ছবি : সংগৃহীত
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন একদল শিক্ষার্থী। এ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে একদল শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে এবং আরেক দল টিএসসির দিকে চলে গেলে প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
আরো পড়ুন : বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলেন, ‘পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নই ভুল ছিল। বাকি ছয়টি প্রশ্নও ছিল অত্যন্ত কঠিন, যা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানের। এখন আমি যদি ফেল করি, এর দায় কি শিক্ষামন্ত্রী নেবেন? তিনি তো নেবেন না।’
ঢাকা আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহনাফ মুনজি বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। আবার অনেকেই পরীক্ষার হলে যাওয়ার পথে পড়ে গেছে। কারও অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়েছে। এসবের দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?’
তিনি বলেন, ‘যিনি শিক্ষামন্ত্রী হয়েও শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নেন না, আমরা এমন শিক্ষামন্ত্রী চাই না। আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।’
