বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার কারণ ব্যাখ্যা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি।
সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হলেও অন্যান্য শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলো পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে বলে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন জানিয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে যাতায়াতে কিছুটা ভোগান্তি হলেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরীক্ষার্থীরা নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মতে, ১২ লাখের বেশি পরীক্ষার্থীর শিক্ষা কার্যক্রম, ফল প্রকাশ এবং পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বারবার পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়।
তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক স্থানীয় অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
