একাদশে ভর্তিতে যেসব কলেজে নিষেধাজ্ঞা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি : সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে বুধবার (২ সেপ্টেম্বর)। একজন শিক্ষার্থী পছন্দক্রমে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠান বেছে নিতে পারবেন। তবে কলেজ নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ভর্তি নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট কিছু কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি সম্পূর্ণ নিষিদ্ধ। গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণির চূড়ান্ত ভর্তি নীতিমালায় এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
অনলাইনে আবেদন করতে গিয়ে শিক্ষার্থীরা যাতে প্রতারণার শিকার না হন, সে জন্য অনুমোদন ও স্বীকৃতির বিষয়টি নিশ্চিত হয়ে প্রতিষ্ঠান বাছাই করার নির্দেশনা রয়েছে।
আরও পড়ুন: খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা
নীতিমালা অনুযায়ী, কোনো ধরনের অনুমোদন বা সরকারি স্বীকৃতি নেই- এমন কলেজে শিক্ষার্থী ভর্তি করা যাবে না। শুধু স্থাপনের অনুমতি রয়েছে, কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমোদন নেই- এমন প্রতিষ্ঠানও শিক্ষার্থী ভর্তি নিতে পারবে না।
পাঠদানের অনুমোদন পাওয়া কোনো কলেজ অনুমোদিত মূল ক্যাম্পাসের বাইরে কোনো অননুমোদিত বা অবৈধ শাখায় শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। একইভাবে শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয়ের অনুমোদন নেই- এমন কোনো বিষয়, বিভাগ বা গ্রুপেও শিক্ষার্থী ভর্তি নেওয়া নিষিদ্ধ।
নীতিমালা ভাঙলে কঠোর ব্যবস্থা
একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার কোনো বিধান অমান্য করলে সংশ্লিষ্ট কলেজের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বেসরকারি কলেজের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন করলে পাঠদানের অনুমতি ও স্থায়ী স্বীকৃতি বাতিল হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট কলেজের এমপিও সুবিধাও বাতিল করা হবে।
অন্যদিকে, সরকারি কলেজের কোনো প্রতিষ্ঠান, কর্মকর্তা বা কর্মচারী অনিয়মে জড়িত হলে সরকারি চাকরির বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ কারণে আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) তালিকাভুক্ত অনুমোদিত কলেজের কোড নম্বর যাচাই করে পছন্দক্রম দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
শিক্ষার্থীর মেধাক্রম, প্রযোজ্য ক্ষেত্রে কোটা এবং পছন্দক্রম বিবেচনায় আবেদন করা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য তার অবস্থান নির্ধারণ করা হবে।
প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি নিশ্চায়ন ও পরবর্তী কার্যক্রম চলবে। কলেজে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।
