‘লাইফলাইন’-এর সঙ্গে আমার জীবনের মিল রয়েছে: মিম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:১০ পিএম
জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। ছবি : সংগৃহীত
সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে বিশেষ প্রদর্শনীর পর সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম।
সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে মিম জানান, ‘লাইফলাইন’ এর গল্পের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের অনেকটাই মিল রয়েছে। তিনি বলেন, তার বাবা-মায়ের বয়স বাড়ছে এবং তারা মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়েন। বাস্তব জীবনের সেই অনুভূতিই ‘অনন্যা’ চরিত্রে অভিনয় করতে তাকে বাড়তি সহায়তা করেছে।
মিম বলেন, এই গল্পটা আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বাবা-মায়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে আবেগ ও উদ্বেগ তৈরি হয়, সেটাই আমি অনুভব করেছি। তাই চরিত্রটির জন্য আলাদা করে নিজেকে প্রস্তুত করতে হয়নি। যারা সিনেমাটি দেখছেন, তারা খুব ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন। আমার বিশ্বাস, ‘লাইফলাইন’ সবার ভালো লাগবে।
আরো পড়ুন : একই দিনে বাবা-ছেলের জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্ব
ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন কাজী আসাদ। এর আগে তিনি চরকির জন্য জনপ্রিয় অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন। ‘লাইফলাইন’-এর গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদুজ্জামান আবীর এবং কাজী আসাদ।
সিনেমাটি সম্পর্কে নির্মাতা কাজী আসাদ বলেন, ভালোবাসার টানে একজন মানুষ কত দূর যেতে পারে এবং সেই পথে কত বড় ত্যাগ স্বীকার করতে হয়—এ প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই চলচ্চিত্রে। শহুরে তরুণী অনন্যার দুর্গম যাত্রার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে জীবনের গভীর কিছু অনুভূতির গল্প।
বাবা-মেয়ের আবেগঘন সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত ‘লাইফলাইন’-এ বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ ও বিদ্যা সিনহা সাহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত এবং ফাতেমাতুজ জোহরা ইভা।
উল্লেখ্য, গত ২১ জুন চরকিতে মুক্তি পায় কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া ও প্রশংসা পাচ্ছেন বিদ্যা সিনহা সাহা মিম।
