জন্মদিনে ভালোবাসায় সিক্ত জয়া আহসান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
অভিনয়ের জাদুতে দুই বাংলার দর্শকের হৃদয়ে সমানভাবে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনয়ের মুগ্ধতায় যেন মুছে যায় কাঁটাতারের বিভাজন। বুধবার (১ জুলাই) এই গুণী অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের পাশাপাশি শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন সহকর্মী ও কাছের মানুষরাও।
জয়ার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে ফুল দিয়ে জয়াকে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে।
ছবিগুলোর ক্যাপশনে চঞ্চল লেখেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’ সঙ্গে যুক্ত করেন একটি কালো হৃদয়ের ইমোজি। চঞ্চলের সেই পোস্টে মন্তব্য করে জয়া আহসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেক সহশিল্পী ও ভক্ত।
জয়া আহসানের আসল নাম জয়া মাসউদ। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান ও ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল তার। পরে অভিনয়েই গড়ে তোলেন সফল ক্যারিয়ার।
আরো পড়ুন : দুই ছেলের সঙ্গে শাকিব খানের সম্পর্ক নিয়ে যা বললেন বুবলী
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’ ও ‘বিউটি সার্কাস’-এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।
ভারতেও সমান জনপ্রিয় জয়া। সেখানে ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’ এবং ‘কড়ক সিং’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
অভিনয়ে অসাধারণ অবদানের জন্য দেশে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন তিনি। এছাড়া নয়বার অর্জন করেছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। পশ্চিমবঙ্গেও তার সাফল্য কম নয়, সেখানে তিনবার ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী।
বর্তমানে জয়া আহসান পশ্চিমবঙ্গে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটি আগামী ১০ জুলাই মুক্তি পাবে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির মতো গুণী শিল্পীরা।
