প্রতারণা মামলা: আত্মসমর্পণের পর জামিনে নায়িকা ববি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত
ইটুই সলিউশনস লি. নামের একটি কোম্পানি থেকে প্রায় ৭ লাখ টাকার ব্যাটারি কিনে টাকা না দেওয়ার অভিযোগে গুলশান থানার প্রতারণার মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে আজ বুধবার (১৫ জুলাই) জামিন চান ববি।
তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেয়।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার জামিনের তথ্য নিশ্চিত করেন।
গেল ১২ জুলাই ইটুই সলিউশনস লি. এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অপর আসামিরা হলেন- বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।

মামলায় অভিযোগ করা হয়, গেল বছরের ১২ নভেম্বর বিকাল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লি. এর যোগাযোগ করে তার কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা। ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে।
আরো পড়ুন: জয়কে ‘অরিজিনাল চাবুক’ মারার হুঁশিয়ারি সানীর
গত ১১ জানুয়ারি সকাল ১১ টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে মামলায় অভিযোগ করেন ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।
উল্লেখ্য, ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমায়।
