দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
ছবি : সংগৃহীত
মুক্তির প্রথম দিনে দারুণ সূচনা করলেও দ্বিতীয় দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জনা নায়াগান’। দ্বিতীয় দিনে ছবিটির আয় প্রায় ৫০ দশমিক ৫ শতাংশ কমেছে। বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিলকের তথ্য অনুযায়ী, শুক্রবার ভারতে ছবিটি ২১ কোটি ১৫ লাখ রুপি নেট আয় করেছে। এর ফলে দুই দিনে দেশীয় বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) মুক্তির দিন ছবিটি ৪২ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করেছিল। দুই দিনের হিসাবে ভারতের মোট গ্রস আয় ৭৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ১১২ কোটি ৫০ লাখ রুপিতে।
শুক্রবার ছবিটির সার্বিক দর্শক উপস্থিতি ছিল ৪৪ দশমিক ৩৩ শতাংশ। সকালে ৩২ দশমিক ৭৭ শতাংশ দর্শক উপস্থিত থাকলেও দুপুরে তা বেড়ে হয় ৩৭ দশমিক ২৩ শতাংশ। সন্ধ্যায় উপস্থিতি দাঁড়ায় ৪৭ শতাংশ এবং রাতের শোতে সর্বোচ্চ ৬০ দশমিক ৩১ শতাংশ দর্শক উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনের আয়ের বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে, যা আয় করেছে ১৭ কোটি ৯৫ লাখ রুপি। একই দিনে হিন্দি সংস্করণের আয় ১ কোটি ৮৫ লাখ এবং তেলেগু সংস্করণের আয় ১ কোটি ৩৫ লাখ রুপি।
আরো পড়ুন : নিট বাতিলের দাবি থালাপতির, রাজ্যকে পূর্ণ ক্ষমতা দেওয়ার আহ্বান
মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে ছবির পরিচালক এইচ. বিনোথ বলেন, বিজয়ের ছবি মুক্তির পর প্রথম দিকে নানা ধরনের সমালোচনা হওয়া নতুন কিছু নয়। তিনি বলেন, প্রথম সপ্তাহে অনেকেই ছবির ভালো-মন্দ নিয়ে আলোচনা করেন। পরে সেটিকে তেমন ভালো বলা না হলেও কয়েক মাস পর সেই ছবিই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
তিনি আরো বলেন, ‘জনা নায়াগান’ তামিল চলচ্চিত্র শিল্পের জন্য গুরুত্বপূর্ণ একটি সিনেমা এবং এটি নির্মাণ করা তার জন্য স্বপ্নপূরণের মতো।
বিজয়ের পূর্ণকালীন রাজনৈতিক জীবনে প্রবেশের আগে এটিই তার শেষ সিনেমা হওয়ায় তামিলনাড়ুজুড়ে ছবিটি ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। চেন্নাইয়ের উডল্যান্ডস ও ক্যাসিনোসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেজার শোর আয়োজন করা হয়। প্রথম দিনের প্রথম প্রদর্শনীতে প্রেক্ষাগৃহজুড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন ভক্তরা। অভিনেতা রবি মোহনও দর্শকদের সঙ্গে ছবির মুক্তি উদযাপনে অংশ নেন। তবে উৎসবমুখর আবহের মধ্যেও দ্বিতীয় দিনে ছবিটির আয়ে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।
এইচ. বিনোথ পরিচালিত ‘জনা নায়াগান’-এ বিজয় অভিনয় করেছেন ভেত্রি নামের এক বন্দির চরিত্রে, যিনি কারাগারের তত্ত্বাবধায়কের মেয়ের দায়িত্ব নেন এবং তাকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করেন। একসময় অতীতের শত্রু জন হিমলারের (ববি দেওল) আবির্ভাবে গল্প নতুন মোড় নেয়।
ছবিতে আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, প্রিয়ামণি, গৌতম বাসুদেব মেনন ও প্রকাশ রাজ। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।
গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘জনা নায়াগান’-এর মাধ্যমে প্রায় তিন দশকের অভিনয়জীবনের ইতি টানলেন থালাপতি বিজয়। তার ক্যারিয়ারে এটি ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয়ের পর বিদায়ী সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
