স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে বিতর্ক, স্পষ্ট করলেন আকাঙ্ক্ষা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
গৌরব খান্নার সঙ্গে বিবাহবিচ্ছেদ হচ্ছে—‘লক আপ ২’-এ গিয়ে এ কথা জানিয়েছিলেন আকাঙ্ক্ষা চামোলা। এরপর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনে প্রচার পাওয়ার চেষ্টা করছেন আকাঙ্ক্ষা—এমন অভিযোগও উঠেছে। এবার সেই বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।
‘লক আপ ২’ শেষ হওয়ার পরও আকাঙ্ক্ষা ও গৌরবের বিচ্ছেদের প্রসঙ্গ আলোচনায় রয়েছে। অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন ও স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে খোলামেলা কথা বলেছিলেন আকাঙ্ক্ষা। তার পর থেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।
সম্প্রতি ওরহান অবত্রামণি ওরফে ওরি একটি ইনস্টাগ্রাম পোস্টে আকাঙ্ক্ষাকে কটাক্ষ করেন। তার অভিযোগ, নিজের প্রচারের জন্য গৌরবের জনপ্রিয়তাকে ব্যবহার করছেন আকাঙ্ক্ষা। এমনকি গৌরবের ভাবমূর্তি ক্ষুণ্ন করারও অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন: ৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে, রয়েছে দুই সন্তান
ওরির মন্তব্যের পর অবশ্য গৌরবকে নিয়ে বারবার নিজের অবস্থান ব্যাখ্যা করতে চাননি আকাঙ্ক্ষা। তবে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, শুধুমাত্র প্রচারের জন্য কখনোই ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনবেন না তিনি।
আকাঙ্ক্ষার কথায়, “ওই অনুষ্ঠানে নিজের আসল সত্তা তুলে ধরাই ছিল বিষয়। গোপন বিষয় নিয়ে কথা বলার সুযোগ ছিল, যা দীর্ঘদিন নিজের মধ্যে চেপে রেখে দিয়েছিলাম। আমি সেটাই করেছি। নিজের জীবনের সত্যি কথা বলেছি, কোনো গল্প তৈরি করিনি।”
অভিনেত্রী আরও জানান, তাদের সম্পর্কের সঙ্গে আইনি বিষয়ও জড়িত ছিল এবং এ নিয়ে তিনি একাধিকবার কথা বলেছেন। তবে এখন আর নিজেকে বারবার প্রমাণ করতে চান না তিনি। তার মতে, জীবনের সব বিষয় প্রত্যেকের কাছে বারবার ব্যাখ্যা করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: ১০০ কোটি টাকার প্রস্তাব নিয়ে মুখ খুললেন সালমান শাহর মা
আকাঙ্ক্ষা বলেন, “অনেক দিন ধরেই জনসমক্ষে নানা প্রশ্ন ও সমালোচনার মুখোমুখি হচ্ছি। বিয়ের সময়েও তা সামলেছি, বিচ্ছেদের কথা জানানোর পরেও সামলাচ্ছি। সত্যিটা হলো, যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যায়, তারাই এর গভীরতা সবচেয়ে ভালো বোঝে। যা বলার ছিল, বলেছি।”
বিচ্ছেদ নিয়ে চলমান বিতর্কে এর বেশি কিছু বলতে চান না বলেই ইঙ্গিত দিয়েছেন আকাঙ্ক্ষা। তার বক্তব্য, নিজের জীবনের সত্যি তুলে ধরেছেন তিনি; সেটি নিয়ে বারবার কাউকে বোঝানোর প্রয়োজন বোধ করছেন না।
