ইউরোপের তাপপ্রবাহ
জুনের শেষ ৮ দিনে প্রাণ গেল ১০ হাজার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
গত জুনের শেষ দিকে ইউরোপজুড়ে টানা আট দিনের তাপপ্রবাহে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো ।
ইউরোমোমো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যদেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় পরিচালিত একটি স্বাস্থ্য জরিপ সংস্থা। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত চলা তীব্র তাপপ্রবাহের কারণে ইইউভুক্ত দেশগুলোতে এই অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই ‘হিট স্ট্রোক’ বা অতিরিক্ত গরমের কারণে হৃদযন্ত্র ও শ্বাসতন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে মারা গেছেন।
ইউরোমোমোর অন্যতম কর্মকর্তা এবং ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে বলেন, তাদের মৃত্যু হয়েছে তাপপ্রবাহের ফলে সৃষ্ট চরম গরমের কারণে। এর অন্য কোনো ব্যাখ্যা নেই। মৃত্যুর এই সংখ্যা সত্যিই উদ্বেগজনক। বছরের এ সময় এত অল্প সময়ের মধ্যে এত মানুষের মৃত্যু মোটেও স্বাভাবিক ঘটনা নয়।
আরো পড়ুন : শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, নিহত ১
প্রতিবেদনে কোন দেশে কতজনের মৃত্যু হয়েছে, তার নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি। তবে উল্লেখ করা হয়েছে, মৃতদের বড় একটি অংশ ফ্রান্স ও বেলজিয়ামের বাসিন্দা।
সরকারি তথ্য অনুযায়ী, তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমের কারণে ইইউভুক্ত কয়েকটি দেশে গত আট সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে।
অন্যদিকে, ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিসি) তথ্য বলছে, ইউরোপে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল করোনা মহামারির সময়। ২০২০ সালের মে-জুনে মহামারির চূড়ান্ত পর্যায়ে এক সপ্তাহে ১ হাজার ৬৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
ইউরোপের বিজ্ঞানীদের মতে, চলতি জুনের তাপপ্রবাহের পেছনে মানুষসৃষ্ট জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে। তাদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাব অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে এমন ভয়াবহ তাপপ্রবাহ আরও ঘন ঘন ফিরে আসতে পারে।
