প্রতিকূলতার মধ্যেও ড্রয়ে বিশ্বকাপ শুরু ইরানের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৩০ এএম
ছবি : সংগৃহীত
রাজনৈতিক অস্থিরতা, ভিসা জটিলতা এবং কঠোর ভ্রমণ বিধিনিষেধের মধ্যেই বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইরান। নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়া মধ্যপ্রাচ্যের দেশটি নিজেদের প্রথম ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে।
বিশ্বকাপকে ঘিরে অন্যান্য দলের মতো স্বাভাবিক উচ্ছ্বাস ও প্রস্তুতির সুযোগ পায়নি ইরান। দলটির অধিনায়ক মেহদি তারেমি আগেই জানিয়েছিলেন, চলমান পরিস্থিতির কারণে খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপের স্বাভাবিক আবহ কাজ করছে না। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটির বিশ্বকাপ প্রস্তুতি অনিশ্চয়তা ও চাপের মধ্যে পড়ে।
বিশ্বকাপে ইরানের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার দাবি উঠলেও তা গ্রহণ করেনি ফিফা। তবে নিরাপত্তা ও অন্যান্য বাস্তবতার কারণে ইরান তাদের অনুশীলন ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করে। প্রতিটি ম্যাচের আগের দিন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আবার ম্যাচ শেষে দ্রুত মেক্সিকোয় ফিরে যাচ্ছে।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে এলিজাহ জাস্ট দুই গোল করেন। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তবে দুইবারই জবাব দেয় ইরান। ফলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বপ্ন অধরাই থেকে যায় নিউজিল্যান্ডের। যদিও ফিফা র্যাঙ্কিংয়ে ইরানের চেয়ে ৬৫ ধাপ পিছিয়ে থাকা দলটি দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে। ২০১০ সালের পর এবারই তারা বিশ্বকাপে ফিরেছে।
আরো পড়ুন : স্পেনকে রুখে আবেগে ভাসলেন ভোজিনিয়া
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। অধিনায়ক ক্রিস উডের তৈরি করা সুযোগ থেকে এলিজাহ জাস্ট প্রতিপক্ষের ডিফেন্ডারদের মাঝখান দিয়ে দারুণ ভলিতে জালের দেখা পান। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে ইরান। ৩২তম মিনিটে রেজাইয়ান বুটের বাইরের অংশ দিয়ে চমৎকার চিপ শটে গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে উডের সহায়তায় আবারও গোল করেন জাস্ট। তবে নিউজিল্যান্ডের সেই লিড স্থায়ী হয় মাত্র ১২ মিনিট। ৬৬তম মিনিটে রেজাইয়ানের নিখুঁত লম্বা পাস থেকে হেডে গোল করে ইরানকে আবার সমতায় ফেরান মোহেবি।
বাকি সময়ে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়রা একে অপরকে আলিঙ্গন ও করমর্দনের মাধ্যমে ম্যাচ শেষ করেন। ইরানের কোচ আমির ঘালেনোয়ি ডাগআউটে শান্তভাবে বসে থাকলেও তার খেলোয়াড়রা মাঠ ঘুরে হাজারো সমর্থকের অভিনন্দন গ্রহণ করেন।
